উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের প্রস্তুতি নিচ্ছে—এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬.৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২.৮৫ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে। ফলে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে এবং বাজারে দরপতনের প্রবণতা অব্যাহত রয়েছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুনরায় শুরু হওয়ার কারণে অপরিশোধিত তেলের বাজারে এই দরপতন দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি লাভ করলে তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থার কাছাকাছি ফিরে যেতে পারে।
এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা অন্তত তিনটি সুপারট্যাঙ্কার মঙ্গলবার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাতিসংঘের শিপিং সংস্থাও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর সেখানে অবস্থানরত শত শত জাহাজ ও প্রায় ১১ হাজার নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার এই অগ্রগতি বিশ্ব তেলবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে এবং দামের ওপর চাপ কমাতে সহায়তা করছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?