রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে ইতিপূর্বে ইস্যুকৃত সব ধরণের নির্বাচনী পাস ও কার্ড বাতিল করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে নির্বাচনের জন্য নতুন করে কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ইতিপূর্বে ইস্যুকৃত প্রেস কার্ড, সিকিউরিটি পাস, ভলান্টিয়ার কার্ড, পর্যবেক্ষক কার্ড ও এজেন্ট কার্ড বাতিল করা হলো। নির্বাচনের জন্য নতুন কার্ড/পাস ইস্যু করা হবে।
উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ সতর্কবস্থান নিয়েছে প্রশাসন। বহিরাগত প্রবেশ ঠেকাতে আজ থেকে আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ভোটের দিন ব্যক্তিগত গাড়ি আনাও মানা হয়েছে।
মূলত নির্বাচনের স্বচ্ছতা ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই পুরনো পাস বাতিল করে নতুন পাস চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে।