রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি না আনার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের দিন ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই অনুরোধ জানানো হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ০৬/০১/২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অন্য যে কেউ) কোনো ব্যক্তিগত গাড়ি না আনার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ভোটের দিন ক্যাম্পাসের অভ্যন্তরে যাতে কোনো ধরণের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শিক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই মূলত ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতেও কড়াকড়ি আরোপের সম্ভাবনা রয়েছে।