রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত থেকে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বেগম জিয়ার নাম ফলক মুছে ফেললেও বর্তমান প্রশাসন তা সসম্মানে পুনঃপ্রতিষ্ঠা করেছে। তিনি জোর দিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন, বরং তিনি পুরো বাংলাদেশের আস্থার প্রতীক।
দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ-ইমাম মো. ছালাহ্ উদ্দিন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মোনাজাতে শরীক হন।