আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী ধনীশ্রী রায়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে আবাসিক হল থেকে আজীবন এবং চলমান সেমিস্টার থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, গত ২৪ অক্টোবর অভিযুক্ত শিক্ষার্থী ধনীশ্রী রায় সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি তদন্ত করে গঠিত তদন্ত কমিটি শৃঙ্খলা বোর্ডে প্রতিবেদন জমা দিলে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে এবং জুলাই-ডিসেম্বর/২৪ চলমান সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ২৪ অক্টোবর ধনীশ্রী রায় সাকিব ফুয়াদ নামের এক ব্যক্তির একটি পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন। সেখানে পোষ্ট ও কমেন্টে মুসলিম সমাজের ধর্ষণবিরোধী আন্দোলন কারীদের ” বাস্টার্ড জেনারেশন ” বলা সহ নানা অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
পরে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে তার বহিষ্কার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।