নিজস্ব গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সিঁড়িতে অনুষ্ঠিত এক সভায় অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় গবেষণা মাঠ ফিরে না পাওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর সম্মতিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গবেষণা মাঠ ফেরতের দাবিতে আন্দোলন করেও কোনো সমাধান না পাওয়ায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ হিসেবে পরিচিত প্রায় ৩৫ একর জমিতে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব তালুকদার বলেন, ঢাকার এক স্থান থেকে অন্য স্থানে সচিবালয় স্থানান্তর করলে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে। বিশেষ করে বিজয় সরণি এলাকায় যানজট বৃদ্ধি এবং আশপাশের হাসপাতালে রোগীদের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গবেষণা ও শিক্ষা কার্যক্রমের স্বার্থে মাঠটি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।