ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অভিযোগ করেছেন, একদল ‘কালচারাল ফ্যাসিস্ট’ সংগঠন ক্যাম্পাসে অবৈধ দোকান ও মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা এ বি জুবায়ের ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালাচ্ছে। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সাদিক কায়েম লিখেছেন, “ওই গোষ্ঠী ক্রমশ উগ্র ও সহিংস অবস্থান নিচ্ছে। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতা করার দাবি তুললেও বাস্তবে ব্যক্তিদের ‘দানব’ বানানোর চেষ্টা করছে এবং শিল্পকে ব্যবহার করছে আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানের পর থেকে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা এবি জুবাইর ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক বিভাজন তৈরির চেষ্টা করছে।”
তার মতে, “এই চক্র খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি আবার শুরু করেছে। মানুষকে দানব বানিয়ে হত্যাযোগ্য করে তোলার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।”
ডাকসু ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবিলা না করে যারা সাংস্কৃতিক সন্ত্রাসবাদে নেমেছে, তাদের হাসিনার পরিণতিই বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এমন ফ্যাসিবাদী মানসিকতার কোনো স্থান নেই।”
সাদিক কায়েমের এই বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পোস্ট ঘিরে নানা মতামত দেখা গেছে।