রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে আবাসন ভাতা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি প্রদান করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দাবিকে সামনে রেখে জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে দেয়াল লিখন, প্রচার-প্রচারণাসহ নানা প্রতিবাদ কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি আবাসন ভাতার ন্যূনতম ৭০% অবশ্যই কার্যকর করতে হবে। এটি শিক্ষার্থীদের অধিকার, আবদার নয়। অনতিবিলম্বে আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে আবাসন ভাতা পৌঁছে দিতে হবে। এর ব্যত্যয় হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
সংগঠনটির সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জুলাইকে কেন্দ্র করে যে ভাতার কথা বলা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট না। তাই আমরা অক্টোবরের মধ্যেই আবাসন ভাতা চাই।”
জকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জকসু ও চাই এবং আমরা আরও কয়েকটা পদের কথা ও উল্লেখ করেছিলাম যেমন: মানবাধিকার, মিডিয়া সম্পাদক ইত্যাদি।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতা। আমরা যমুনা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে ছিলাম। পর্যাপ্ত হল না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী মানবেতর জীবন যাপন করছে। আমরা চাই অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদান করা হোক।”