জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আটজন শিক্ষক-গবেষক বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথভাবে প্রকাশিত এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।
সম্প্রতি প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া শিক্ষক-গবেষকদের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এক অনন্য সম্মান ও গৌরবের বিষয়। শিক্ষা ও গবেষণায় এই ধারাবাহিক সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি করেছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করবেন। পাশাপাশি তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।