রোকুনুজ্জামান, জবি
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি কমাতেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাস থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ছাড়বে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শহীদ মিনারের সামনে পরীক্ষার্থীরা জড়ো হতে পারবেন। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে তিনটি বাস আলাদা রুটে ছেড়ে যাবে।
রুটগুলো হলো:
১.ক্যাম্পাস-গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট- মোহাম্মদপুর
২. ক্যাম্পাস -গুলিস্তান- মগবাজার-মৌচাক- তিতুমীর কলেজ
৩. ক্যাম্পাস -গুলিস্তান- বাঙলা কলেজ- মিরপুর
পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর বর্তমান প্রশাসন ছাত্র-ছাত্রী বান্ধব প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও উৎকর্ষ সাধনে সকল প্রকার কাজ করে যাবে বর্তমান প্রশাসন। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির উন্নয়নে অংশগ্রহণ করবে।”