জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন,
“আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের ওপরে নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসেনি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। দাবি আদায়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে না।”
এর আগে বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে আন্দোলনকারীরা কাকরাইলে অবস্থান করছেন। রাতভর অনেক শিক্ষার্থী রাস্তায় অবস্থান করে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে আবার আন্দোলনে যোগ দিয়েছেন।
- শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো—
- বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫–২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা
- জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করা
- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন
১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ঘোষণাও আসতে পারে।