আশরাফুল ইসলাম, শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে টিএসসি কমপ্লেক্স ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছিল নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
১৫ সেপ্টেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। টিএসসি প্রাঙ্গণে সক্রিয় ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বর্ণিল স্টল সাজিয়ে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের কর্মকাণ্ড তুলে ধরে।
সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়, এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিল্লাল হোসেন আবির ও মোছাঃ ফাহমিদা আক্তার অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ নবীনদের স্বাগত জানিয়ে বলেন, “আদিযুগে কৃষিকাজের সূচনা করে মেয়েরা, তাই নতুন মেয়েদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়কে পছন্দ করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণিকভাবে নিয়োজিত এবং দক্ষতার সাথে পাঠদান করে থাকেন। শেকৃবিতে কোনো র্যাগিং নেই। কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। তাঁরা নবীনদের শিক্ষাজীবনে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন।
দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, কোর্স লে-আউট উপস্থাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।