পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছেন। অভিযানে মোট ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পানপট্টি ও ডাকুয়া ইউনিয়ন এবং গলাচিপা পৌরসভার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলারাম এলাকায় অভিযান চালায়। বোয়ালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাটগামী পাকা সড়কের পাশে মো. সাইফুল সিকদারের দোকানে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে সাইফুল সিকদার (২৮) ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বড় সাহা বাড়ি এলাকার পলাশ সাহার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মো. বশির মাদবর (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রাত ১১টা ২৫ মিনিটের দিকে ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই মো. সোহেল খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জনৈক জাফর প্যাদার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মো. নজরুল সরদার ওরফে নজির সরদারের ছেলে।
পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় সাইফুল সিকদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গলাচিপা থানায় ৯ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। এ মামলার নম্বর ২০। গাঁজা উদ্ধারের ঘটনায় বশির মাদবরের বিরুদ্ধে ৮ নভেম্বর একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক)/৪১ অনুযায়ী মামলা করা হয়, যার নম্বর ১৮। অন্যদিকে, রাজিব সরদারের বিরুদ্ধে ৯ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। এ মামলার নম্বর ২৩।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে