সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে দ্বিতীয় দিনে আরও ৩০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) মনোনয়ন বিতরণ শেষে প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন ১১টি পদের বিপরীতে মোট ৩০টি ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪টি, সাধারণ সম্পাদক পদে ২টি, সহ-সাধারণ সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ২টি, ক্রীড়া সম্পাদক পদে ১টি, সহ-ক্রিড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ২টি, দপ্তর সম্পাদক পদে ৩টি এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ২টি ফরম বিতরণ করা হয়।
এ ছাড়া অনুষদ প্রতিনিধি পদে ১১টি মনোনয়ন সংগ্রহ হয়। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে ৫টি, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে ২টি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ থেকে ২টি, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে ১টি এবং কৃষি অনুষদ থেকে ১টি ফরম তোলা হয়েছে।
প্রধান রিটার্নিং অফিসার আরও জানান, প্রথম দিনে (২৬ আগস্ট) ১৩টি মনোনয়ন বিতরণ হয়েছিল। ফলে দুই দিনে সর্বমোট ৪৩টি ফরম সংগ্রহ হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে এবং আগামী ২৮ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।