পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ জুলিয়া বেগমকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুলিয়া বেগম ও তাঁর স্বামী আলমগীর মোল্লা একদিকে এবং সীমা ও তাঁর মা রিনা বেগম অন্যদিকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।
এক পক্ষের দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে জুলিয়াকে জনসমক্ষে হেনস্তা করা হয়েছে। অন্য পক্ষের অভিযোগ, অতীতে রিনা বেগমের সংসার ভাঙনের পেছনে জুলিয়ার ভূমিকা ছিল এবং বর্তমানে সীমার দাম্পত্য জীবন নিয়েও তাঁকে ঘিরে বিরোধ তৈরি হয়েছে।
তবে সীমার নিজের সংসার ভাঙার চেষ্টার অভিযোগের বিপরীতে তাঁর বিবাহবিচ্ছেদের পুরোনো কাগজপত্র পাওয়ার বিষয়টি সামনে এসেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জুলিয়া বেগম পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়াকুয়া গ্রামের আলমগীর মোল্লার স্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর আগের সংসারের মেয়ে সীমা ও তাঁদের সহযোগীরা পারিবারিক বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
জুলিয়া বেগমের ভাষ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তাঁর দুঃসম্পর্কের ভাগ্নি মিমকে সঙ্গে নিয়ে স্বামীর অনুমতি নিয়ে মেয়ের জন্য শীতের পোশাক কিনতে গলাচিপা সদর রোডে যান। ওই সময় তাঁর স্বামী ভিডিও কলে যুক্ত ছিলেন এবং মেয়ের পছন্দ অনুযায়ী পোশাক কেনার বিষয়ে কথা বলছিলেন।
এ সময় তাঁর স্বামীর আগের সংসারের মেয়ে সীমা মিমকে ফোন করে হাফেজ পুল এলাকায় যেতে বলেন। বিষয়টিকে জরুরি মনে করে তাঁরা সেখানে যান। পৌঁছে লোকজনের জটলা দেখতে পান। জুলিয়া বেগমের অভিযোগ, তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, শাশুড়ির সঙ্গে মেয়ের জামাইয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অপবাদ ছড়িয়ে তাঁকে জনসমক্ষে অপমান করা হয়। স্থানীয় কিছু লোক ও সাংবাদিকদের উপস্থিতিতে তাঁকে হেনস্তা করা হয় এবং পরবর্তী সময়ে গাড়িতে করে এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁর বাবা ও আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
জুলিয়া বেগমের দাবি, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অসম্মান করে বিভিন্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তাঁর কোনো অনৈতিক সম্পর্ক থাকলে স্বামীকে ভিডিও কলে রেখে জনবহুল সদর রোডে দাঁড়িয়ে কেনাকাটা করতেন কেন? সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
অন্যদিকে, সংবাদ সম্মেলনে সীমা তাঁর সৎমা জুলিয়া বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, তাঁর মা রিনা বেগম ও বাবা আলমগীর মোল্লার সংসার ভাঙনের পেছনেও জুলিয়ার ভূমিকা ছিল। বর্তমানে তাঁর দাম্পত্য জীবন নিয়েও জুলিয়াকে ঘিরে বিরোধ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সীমার মা রিনা বেগম জানান, একসময় আলমগীর মোল্লার সঙ্গে তাঁর সুখের সংসার ছিল। তাঁদের সন্তানকে পড়ানোর জন্য জুলিয়াকে গৃহশিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি নিয়মিত তাঁদের বাড়িতে যাতায়াত করতেন এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াতেন।
রিনা বেগমের অভিযোগ, একপর্যায়ে তাঁর স্বামী আলমগীর মোল্লার সঙ্গে জুলিয়ার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে আলমগীর তাঁকে ও সংসার ছেড়ে জুলিয়াকে নিয়ে চলে যান। এরপর একাই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে মেয়েকে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং বিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
সীমার দাবি, বর্তমানে তাঁর স্বামী মিশুক খানের সঙ্গে জুলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে কথিত সম্পর্কের সমর্থনে কোনো সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো যাচাইযোগ্য প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করতে পারেননি।
সীমা আরও জানান, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে গলাচিপায় আসেন। বাণিজ্যিক মেলার মাঠের কাছে স্বামী মিশুক ও জুলিয়াকে একসঙ্গে দেখতে পান বলে দাবি করেন। তাঁদের সামনে এগিয়ে গেলে তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
অপরদিকে সীমার বক্তব্যে তাঁর দাম্পত্য জীবন ভাঙার জন্য জুলিয়া বেগমকে দায়ী করার বিষয়টি উঠে এলেও এ বিষয়ে সীমার বাবা জানান সীমা তালাকপ্রাপ্ত। এ সংশ্লিষ্ট কাগজপত্রে সীমা ও তাঁর স্বামীর মধ্যে অনেক আগেই বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। এ সংক্রান্ত বিবাহবিচ্ছেদের কাগজপত্রও তাদের কাছে রয়েছেবলে দাবি করছে জুলিয়া বেগম।
ফলে সীমার সংসার ভাঙার চেষ্টার অভিযোগের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিবাহবিচ্ছেদের কাগজপত্রের তারিখ, আইনগত কার্যকারিতা এবং সংশ্লিষ্ট নথির সত্যতা যাচাই সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।
এদিকে, স্ত্রী জুলিয়া বেগমের পাশে দাঁড়িয়ে তাঁর স্বামী আলমগীর মোল্লা বলেন, রিনা বেগমের সঙ্গে তাঁর অনেক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। সীমা তাঁর মেয়ে হলেও সে মায়ের সঙ্গে বসবাস করে।
আলমগীর মোল্লার অভিযোগ, তিনি ও তাঁর বর্তমান স্ত্রী জুলিয়া বেগম সুখে সংসার করছেন। তাঁদের সেই সংসার নষ্ট করার উদ্দেশ্যে সীমা ও তাঁর মা পরিকল্পিতভাবে জুলিয়াকে গলাচিপায় হেনস্তা করেছেন এবং সেই ঘটনা গণমাধ্যমে প্রচার করছেন।
তিনি আরও বলেন, “তাদের সংসার ভেঙে যাওয়ার পর এখন আমার সংসার ও সামাজিক সম্মান নষ্ট করার জন্য তারা পরিকল্পিতভাবে এসব করছে। আমার স্ত্রীকে জনসমক্ষে হেনস্তা করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
দুই পক্ষের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে একই পারিবারিক বিরোধের ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। জুলিয়া বেগম ও তাঁর স্বামী আলমগীর মোল্লার দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে জুলিয়াকে সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে। অন্যদিকে, সীমা ও তাঁর মা রিনা বেগম অতীতের সংসার ভাঙন এবং বর্তমান দাম্পত্য বিরোধের জন্য জুলিয়াকে দায়ী করছেন।
তবে সীমার উত্থাপিত কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি। অন্যদিকে, জুলিয়া ও আলমগীর মোল্লার বিরুদ্ধেও ওঠা অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পাল্টাপাল্টি বক্তব্যের বাইরে গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ, উপস্থাপিত নথিপত্র যাচাই এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।