রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতার আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে। তবে সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার জন্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এবারের আয়োজনের বাজেট সীমিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরাদ্দ বাড়িয়ে সুন্দর আয়োজনের চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শুরু হওয়া নয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।