ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের এবং সরকারের সঙ্গে সরকারের ভিত্তিতে। কোনো পুতুল দল বা স্বৈরাচারী শক্তিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, গত দুই বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্কের পরিবর্তে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। খুনি, গণহত্যাকারী কিংবা স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেশকে শোষণের চেষ্টা করা হলে ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে কি না, সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারাদেশে সহিংসতা, হত্যাকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সারজিস বলেন, এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া উচিত।
গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।
এনসিপির এই নেতা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকবে।
এর আগে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।