পটুয়াখালীর গলাচিপায় ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে চারটি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ২০০ কৃষক-কৃষাণীর হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা কৃষি অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. নুরুল হক নুরের। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পরিবর্তে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা বিএনপি নেতা আশ্রাফ উজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে খেসারি, মুগ, চিনাবাদাম ও সরিষার আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২০০ কৃষক-কৃষাণীর মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নতমানের বীজ ও সারের ব্যবহার বাড়ানো এবং অনাবাদি বা পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে ফসলের উৎপাদন বৃদ্ধি করা। বিশেষ করে ডাল, তেলবীজ ও অন্যান্য শস্যের আবাদ বাড়ানোর মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি এ সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করবে। পাশাপাশি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।