পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তমী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত সদস্যরা রিজেন্ট বোর্ডে যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।