মোঃআতেফ ভূঁইয়া সদর প্রতিনিধি:
গাজীপুরে একটি নির্মাণাধীন ফুট ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে অজ্ঞাত এক যুবকের (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের হাজিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানাধীন হাজিরপুকুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ফুট ওভারব্রিজের লিফটের নির্ধারিত ফাঁকা জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ সময় সেখানে প্রচুর মাছি উড়তে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে কাছে গিয়ে তারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও একটি সোয়েটার। তাৎক্ষণিকভাবে উপস্থিত কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।