মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে মাদ্রাসা অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার পাকিয়াব বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসাইন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপি সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমদদ জানান, অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মাদ্রাসা অধ্যক্ষের দাবি, বিএনপির ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন ও ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়ার নেতৃত্বে একদল লোক ছুরি, বল্লম ও লাঠি নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তার অভিযোগ, জামায়াত প্রার্থীকে ভোট দেওয়ায় তাকে ভয়ভীতি দেখাতেই এ হামলা করা হয়েছে। তিনি এ ঘটনায় কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বেলায়েত হোসেন বলেন, হামলার খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তিনি বা তার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে গাজীপুর-৪ আসনে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেন, ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিরীহ নাগরিকদের ওপর সহিংসতা নিন্দনীয়। তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং অধ্যক্ষের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা যাচাই করবেন বলে জানান তিনি।