জনি আহমেদ- চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সেসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পৌর এালাকার বেলগাছি ঈদগাহ পাড়ার আানামুলের দোকানের কাছে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
আহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের ঈদগাহ পাড়ার সাজ্জাদ আলীর ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি জমিজমা কেনাবেচার ব্যবসা করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জখমের বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার রাতে বেলগাছির ঈদগাহ পাড়ার আানামুলের দোকানে বসেছিলাম। সেসময় সিহাবসহ কয়েকজন যুবক আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা আমার ওপর হামলা চালিয়েছে।
ঘটনার বিষয়ে আহত আব্দুর রাজ্জাক আরও বলেন, পূর্বে সিহাবের সঙ্গে আমার বিরোধ ছিলো। পরে সেটি মীমাংসাও হয়েছিলো। কিন্তু আজ হঠাৎ আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। রাতের আধারে বাকিদের চেনা যায়নি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত সিহাব পৌর শহরের হকপাড়ার অজ্ঞাত ব্যক্তির ছেলে।