মুন্সিগঞ্জ প্রতিনিধি
নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা তরুণ প্রজন্মের হাত ধরেই হচ্ছে বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ–২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম। তিনি বলেছেন, একটি দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণ সমাজ, আর সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজার এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাজেদুল ইসলাম বলেন, তরুণদের মাদকমুক্ত রাখা, আধুনিক ও ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ তরুণ শক্তি দেশ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া শক্তি। জুলাই আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের যে সূচনা হয়েছে, তা এখনো পূর্ণতা পায়নি উল্লেখ করে তিনি বলেন, সেই অসমাপ্ত পরিবর্তন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
ভোটারদের উদ্দেশে মাজেদুল ইসলাম বলেন, জনগণ এখন নতুন কিছু প্রত্যাশা করছে। প্রকৃত পরিবর্তন চাইলে পুরোনো চিন্তাধারা, পুরোনো নেতৃত্ব ও গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থার বাইরে আসতে হবে। পুরোনো কাঠামোর ভেতরে থেকে নতুন কিছু অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
গণসংযোগকালে তিনি আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে নতুন রাজনৈতিক ধারার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা মজলিসে শুরা ও মুন্সিগঞ্জ–২ নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, সহ-সমন্বয়ক মাওলানা আব্দুল বারী, উপজেলা আমির ও নির্বাচন কমিটির সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন সভাপতি আবু হানিফ সরকার, উপজেলা এনসিপি সমন্বয়ক ইশতিয়াক, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. শিশিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।