মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিআইবি আয়োজিত এই প্রশিক্ষণে মুন্সিগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রশিক্ষণের প্রথম দিনে আলোচক ওবায়দুর রহমান শাহিন বলেন, সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা গণতন্ত্রের সুরক্ষা এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নির্বাচনকালীন সময়ে তথ্য যাচাই ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংঘাত কাভারেজে সাংবাদিকদের ঝুঁকি, জাতীয় সংসদ নির্বাচন এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নির্বাচনকালে সঠিক তথ্য পরিবেশন ও জনস্বার্থ সংরক্ষণে সাংবাদিকদের আরও সচেতন ও পেশাদার হতে হবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জুবেল।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ সম্পন্নের সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা এ ধরনের কার্যক্রমকে নির্বাচনকালীন পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বলে মন্তব্য করেন।