নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
রোববার রাজধানীর শাহবাগে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ‘স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার’ এবং ‘নিষিদ্ধ লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।
বক্তব্যে ডা. আউয়াল অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাচ্ছে। তিনি দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক ভারসাম্য কিছু মহল মেনে নিতে পারছে না।
সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ যারা তুলছেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।