বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।
তখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
শুক্রবার নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া-এর যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে তিনি যে বিশ্বাস ও আস্থা তৈরি করেছেন, তাতে মানুষ মনে করছে তারেক রহমান একজন যোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করতে সক্ষম।
দুলু আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার পথে এগিয়ে যাবে।
সভায় গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিএনপি প্রার্থী দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।