সাইফুই ইসলাম সাগর, কুয়াকাটা (পটুয়াখালী):
পটুয়াখালীর কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেন বিল্লু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে কুয়াকাটার নবীনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি অভিযান পরিচালনাকারী এসআই শামসুল ইসলাম নিশ্চিত করেন।
আটককৃত বিল্লু মহিপুর থানার পূর্ব আলীপুর গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লু কুয়াকাটার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
মহিপুর থানার জিআর নং ১৩০/২০ (কলা)
জিডি নং ৬৮/২১, তারিখ: ২ মার্চ ২০২১
ধারা ৩৬(১) শারনি ১০(ক)/৪০/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর মামলা
মহিপুর থানার এফআইআর নং ২৪/৪৬, তারিখ: ২৮ মার্চ ২০২০
একই ধারায় চার্জশিট নং ৪৬, তারিখ: ৩০ মে ২০২০
দীর্ঘদিন পুলিশের নজরদারিতে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মহিপুর থানার পুলিশ বাদী হয়ে নতুন করে মামলা রুজু করেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লুকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, মহিপুর এলাকা মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।