জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপির ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ডের এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল কাদির, টাঙ্গাইল জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বুরহানুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এ সময় অধ্যক্ষ মো. মোন্তাজ আলী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিএনপির ৫০ জন নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, ইসলামভিত্তিক ন্যায় ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ সংগ্রাম অব্যাহত থাকবে।