চাঁদপুরের শাহরাস্তিতে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকার আটিয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম হৃদয় হোসেন (২৫)। তিনি মৃত মোস্তফা (প্রকাশ খোকা) ও বকুল বেগমের ছেলে। তার বাড়ি শোরসাক (মিয়া সাহেব বাড়ি), সূচীপাড়া উত্তর ইউনিয়নে।
শাহরাস্তি মডেল থানায় এ ঘটনায় এফআইআর নং-১০, তারিখ-১৪ অক্টোবর ২০২৫; জি আর নং-১৫৯ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। স্থানীয় তরুণদের কাছে মাদক বিক্রি করে সে দীর্ঘদিন ধরে মুনাফা অর্জন করছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
শাহরাস্তি থানার ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে।”
পুলিশের এ ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।