মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। অভিযানে ইয়াবা বিক্রির সাথে জড়িত আরও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো: আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় অভিযুক্ত মো: নূরণবী (২৮) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর হালিয়াঘাটি গ্রামের মৃত মহির শেখের ছেলে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
অপরদিকে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো: মমতাজ আলীর নেতৃত্বে পাড়কোলা এলাকায় অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। পাড়কোলা গ্রামের একটি চা দোকানের পাশে ইয়াবা কেনাবেচার সময় মো: শফিকুল মণ্ডল (৩৬) নামের একজনকে ১৬ পিস ইয়াবাসহ (ওজন ১.৬ গ্রাম) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি পাড়কোলা পশ্চিমপাড়া গ্রামের মো: মামুত মণ্ডলের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: রইচ উদ্দিন (৩৫) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। শফিকুল জানান, তিনি পলাতক রইচ উদ্দিনের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক মুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।