রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার আমতলী উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, এবং আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপু।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাতে আমতলী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।