কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মহেশখালী থানার ওসিকে অশালীন ভাষায় গালাগাল ও ‘ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপ ও অনৈতিক বক্তব্য দেওয়ার কারণে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় আক্তার হোসেন বক্তব্য দেন। সেখানে তিনি মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হককে নিয়ে কটূক্তি করেন এবং প্রকাশ্যে বলেন,
“আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।” বক্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে ওসি মঞ্জুরুল হকের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিজয় মিছিলে অংশ নেন শফি উল্লাহ শফি। সেদিন সন্ধ্যায় পৌরসভার বানিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মারা যান।