নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাইতে গিয়ে দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নিহত হয়েছেন। বুধবার সকালে মাহমুদপুর ইউনিয়নে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
পরিবারের অভিযোগ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ তার সহযোগীরা বকেয়া ভাড়া চাওয়ার জেরে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেন। নিহতের ছেলে রাসেল জানান,
“সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, বেণু হাজীর ছেলে আলম ও সাদ্দামসহ কয়েকজন মিলে তাকে ধরে অফিসে নিয়ে যায় এবং প্রচণ্ড মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর দোকানটি বিএনপির অফিস হিসেবে ভাড়া নেওয়া হয়। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের কার্যালয় হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতেই তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে বলেন,
“বিএনপির অফিসের আবার কীসের ভাড়া?” একপর্যায়ে তর্কের মধ্যে দোকান মালিক ধাক্কা দিলে তাকে অফিসে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”