নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ বলেছেন, “বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা করে। সেই গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন অনতিবিলম্বে নিশ্চিত করতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।”
সোমবার বিকালে (৯ জুন) দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে ক্ষেতমজুর সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে দিবালোক সিংহ বলেন, “সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকার বছরের পর বছর ধানাইপানাই করে চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, তারা কি বিদেশি রাষ্ট্রের স্বার্থরক্ষায় নিযুক্ত একটি অনির্বাচিত প্রশাসন চালিয়ে যেতে চায়?”
তিনি আরও বলেন, “এই দেশের কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিতে হবে। রেশনিং চালু করতে হবে, সার, বীজ ও ডিজেলের দাম কমাতে হবে, ভূমি সংস্কার করতে হবে এবং ক্ষেতমজুরদের জন্য সারা বছরের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”
স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বর্তমান সরকার কি গ্রামের দরিদ্র নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করেছে? কিংবা শিক্ষিত তরুণদের জন্য কোনো স্থায়ী কর্মসংস্থানের বাজেট দিয়েছে?”
তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলেছে। এখন হাসিনা নেই, তাহলে সেই সিন্ডিকেট এখনো কেন ভাঙা হয়নি?”
দিবালোক সিংহ বলেন, “দরিদ্র জনগণের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আজও অনাদায় রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন জাহের আলী এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির সহ আরো অনেকেই। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।