আলমগীর চৌধুরী রনি (চুয়াডাঙ্গা প্রতিনিধি) :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে ঘোলারবাগান মাঠে নিজ ভুট্টা ক্ষেত থেকে ধারালো অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত মাসুদ হাসান রঞ্জু (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ ভুট্টা ক্ষেতে পাওয়া যায়। নিহত মাসুদ হাসান রঞ্জু দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নের বদনপুর মাঝপড়ার আজিজুল মিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, এদিন সকাল ৯টায় মাঠে ভুট্টা ক্ষেতে পানি দিতে আসে। বেলা ১১ টায় পরিবারের পক্ষ থেকে তাকে সকালের খাবার দিয়ে আসা হয়। দুপুর ২টার দিকে তার বাবা রঞ্জুর জন্য খাবার নিয়ে মাঠে আসলে তাকে খুঁজে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলেও কলটি রিসিভ হয়নি। পরে তার বাবা বাড়ী ফিরে যায়।
এদিন সন্ধ্যার পরেও যখন বাড়ী না আসে তখন তার বাবা কয়েকজনকে সাথে নিয়ে মাঠে খুঁজতে যায়। ক্ষেতের আশপাশে খুঁজে না পেয়ে ক্ষেতের মধ্যে কিছু দুর গেলেই তার বাবা তাকে প্রথমে মাঠিতে পড়ে থাকতে দেখে। এসময় কাছে গিয়ে দেখে রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা দামুড়হুদা মডেল থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এদিন রাত সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।