মো: জিয়াউল ফকির ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
দীর্ঘ ১১ বছর পর আবারও প্রকাশিত হলো দৈনিক আমার দেশ পত্রিকা। আজ ২২শে ডিসেম্বর, ইন্দুরকানীতে পত্রিকাটি হাতে পেয়ে পাঠকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সকালে পত্রিকা আসার পরপরই তা সংগ্রহ করতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রিয় পত্রিকাটি হাতে পেয়ে পাঠকদের মুখে ছিল আনন্দের ঝিলিক।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমার দেশ পত্রিকা কেবল একটি সংবাদমাধ্যম নয়, এটি জনগণের মুখপাত্র। আশা করি, এটি পূর্বের মতোই গণমানুষের কথা বলবে।
পত্রিকা বিক্রেতা আব্দুল খালেক বলেন, “‘আমার দেশ’ পত্রিকা নিয়ে আসার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। পাঠকদের চাহিদা এত বেশি ছিল যে অনেককে দিতে পারিনি।
ইন্দুরকানীর চায়ের দোকান, বাজার ও অফিসগুলোতে আজ আমার দেশ পত্রিকা নিয়ে আলোচনা ছিল মুখর। এলাকাবাসীর মতে, এই পত্রিকাটি সত্য সংবাদ জানার একটি নির্ভরযোগ্য মাধ্যম ছিল এবং তার প্রত্যাবর্তন পাঠকদের জন্য একটি নতুন আশার আলো।