মো. মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
ভোলা দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৭০ পরিবার দীর্ঘ ১৫ বছর যাবত পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সামান্য বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে যায়। চলতি বছর টানা আড়াই মাস বিরামহীন বৃষ্টির কারণে দুর্ভাগ আরও চরমে দেখা দিয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ পানির নিষ্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় জলাবদ্ধতা থেকে কবে মুক্তি মিলবে চরম অনিশ্চিয়তা দেখা দিয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। তারা বলছে এই ওয়ার্ডের পাশেই বেতুয়ার খাল। ওই খালের সাথে ড্রেনের সংযোগ দিলেই এ এলাকার জলাবদ্ধতা নিরসন হবে।
স্থানীয়রা অভিযোগ, দীর্ঘ ১৫ বছর যাবত তারা জলাবদ্ধতার মধ্যে বসবাস করছে। সামান্য বৃষ্টি হলেই ঘরবাড়ি, চলাচলের রাস্তা ও আশপাশের এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো সময় অতিরিক্ত বৃষ্টি হলে এত পরিমাণ পানি জমে যে, ঘর থেকে বের হওয়াও মুশকিল হয়ে পড়ে।
ওই এলাকার বাসিন্দা কাজী আব্দুল আজিজ জানান,
আমরা কয়েকবার পৌরসভার মেয়রের কাছে আবেদন করেও এখনো কোনো স্থায়ী সমাধান পাইনি। সমস্যা নিরসনের জন্য স্থায়ী সমাধান চেয়ে একাধিকবার আবেদন করেও কার্যকর তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।
ওই এলাকার বাসিন্দা রিজিয়া বেগম জানান, বৃষ্টি হলেই আমার ঘরের চারপাশে হাঁটু সমান পানি জমে যায়। আমার ছোট্ট দুইটা সন্তান রয়েছে। আমি সবসময় ওদের নিয়ে চিন্তিত থাকে না জানি কখন পানিতে পড়ে যায়।
পৌর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহিদ হোসেন জানান, ওই এলাকার জলাবদ্ধতার বিষয়টি আমাকে স্থানীয় কেউ অবহিত করেননি। তারপরও খোঁজ খবর নিয়ে পৌর প্রশাসকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
দৌলতখান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান জানান, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা খোঁজ খবর নিয়ে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করবো। তবে জলাবদ্ধতা নিরসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এজন্য আমরা ওই এলাকায় একটি পৌরসভার টিম পাঠাচ্ছি।