নেত্রকোনা প্রতিনিধি :
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দুপুর ১:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে দিলরুবা খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. মোঃ আনোয়ারুল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস, মৎস্য চাষীদের পক্ষে আব্দুল লতিফ হায়দার টিপু আব্বাস ও মনিরুজ্জামান প্রমুখ। এ সময় মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মৎস্য চাষেদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, মানুষের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ জলাশয় গুলোতে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো রক্ষায় সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।