মেহেদী হাসান রাতুল ( সিলেট)
সিলেটে তীব্র লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ জনগণ।
সোমবার (৯ জুলাই) মধ্য রাতে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
অবরোধকারীদের অভিযোগ, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। পাশাপাশি অনেক গ্রাহককে অতিরিক্ত ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের ভোগান্তিও পোহাতে হচ্ছে। এসব বিষয়ে বারবার নিকটস্থ বিদ্যুৎ অফিসে অবগত করেও তারা কাঙ্ক্ষিত কোনো সমাধান পাননি।
স্থানীয় বাসিন্দারা বলেন, দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার রাতে বাসায় ফিরেও স্বাভাবিকভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
ফলে বিদ্যুতের অপেক্ষায় অনেককে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণ পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত শুক্রবার নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয়ে কয়েকটি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা একযোগে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বিউবো), সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহমেদ রিপন জানান, জাতীয় গ্রিডে সংকটের কারণে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। তার এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরও আশ্বাস দেন, আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে এ সমস্যার সমাধান হবে।