মেহেরপুর প্রতিনিধি (২৭/০৭/২৬):
মেহেরপুরের গাংনী শহর থেকে ৩টি কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। কুশপুত্তলিকাগুলোতে এনসিসি নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে পোস্টার সাটানো ছিল। আজ বিকেলে এনসিপির পদযাত্রার আগে কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নানা রহস্য দানা বেধেছে।
আজ সোমবার ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে থেকে পল্লী বিদ্যুত অফিস পর্যন্ত ৩টি কুশপুত্তলিকা ইন্টারনেটের তারে ঝুলতে দেখেন স্থানীয়রা। গলায় রসি দিয়ে এগুলো ঝোলানো ছিল। খড় দিয়ে তেরী কুশপুত্তলিকায় সাদা কাপড় দিয়ে আবৃত্ত করা।
এর বুকে পোস্টারে এনসিপির কেন্দ্রীয় ৩ নেতার ছবি রয়েছে। লেখা রয়েছে ‘‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’’। ‘‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।” তবে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে কে বা কারা রাতের আধারে এগুলো ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ৩টি কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আতংক সৃষ্টির জন্য রাতের আধারে র্দুর্বত্তরা এ কাজটি করে থাকতে পারে। তবে তাদেরকে দ্রুত আটকের জন্য মাঠে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসুচীর অংশ হিসেবে আজ বিকেলে গাংনীতে পদযাত্রা করবেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।