ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
শিক্ষামন্ত্রীর আগমন ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক রং করার পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি ও দেয়ালচিত্র মুছে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, প্রধান ফটকে থাকা জুলাইয়ের স্মারকচিত্রে কোনো পরিবর্তন আনা হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আত্মত্যাগের যে ইতিহাস এ আন্দোলন সৃষ্টি করেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলেও মনে করে প্রশাসন।
জনসংযোগ দপ্তরের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিশ্বাস, জুলাই কেবল একটি আবেগের নাম নয়; এটি গণমানুষের আত্মত্যাগের স্মারক এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতীক। তাই এ আন্দোলনের স্মৃতিচিহ্ন সংরক্ষণে বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, “জুলাইয়ের আকাঙ্খা ও শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ধারণ করে প্রধান ফটকে জুলাই গ্রাফিতি যেভাবে আছে সেইভাবে অক্ষুণ্ণ থাকবে। আর কোনো ধরনের পরিবর্তনের হাত দেওয়া হবে না।”