মুন্সিগঞ্জ প্রতিনিধি
কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতকদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আদালতে বিচারকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন ব্যক্তিদের ফিরিয়ে আনতে সরকার আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায়ের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এবারের জাতীয় বাজেটে স্বাধীনতার পর সর্বোচ্চ বরাদ্দ শিক্ষাখাতে রাখা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রাখা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন।
সেমিনারে নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষিত নারী সমাজ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।