ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি (আর্গুমেন্ট) উপস্থাপন চলছে।
বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু করছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। এই মামলার যুক্তি উপস্থাপন সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
গতকাল জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
সেই সাথে এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনা বাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।
গতকাল প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি।
কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যাতে গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেয়া।’
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা গতকাল ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। জিয়াউল আহসানের গুম-খুনের এই মামলায় যুক্তি উপস্থাপনের প্রথম দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের এই মামলা রায় ঘোষণার পর্যায়ে পৌছাবে।