সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এসডিএস মোড় সংলগ্ন সখীপুর–ভালুকা (সিডস্টোর শিল্প এলাকা) সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য পণ্যবাহী ট্রাক এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে গর্তটি সংস্কার না করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক ওই গর্তে আটকে যায়। ট্রাকটির সামনের চাকা কাদামাটিতে দেবে যাওয়ায় দীর্ঘ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় লোকজন রশি বেঁধে অন্য যানবাহনের সাহায্যে ট্রাকটি টেনে তোলার চেষ্টা করেন।
ট্রাকচালক দুলাল বলেন, রাস্তার গর্ত এত বড় যে বুঝে ওঠার আগেই ট্রাকের সামনের চাকা দেবে গেছে। মালবোঝাই থাকায় ট্রাক বের করতে অনেক কষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত রাস্তা সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় অটোরিকশাচালক আসাদুল বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। গর্তের কারণে যাত্রী নিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ছোট-বড় যানবাহন আটকে যায়। সবসময় যাত্রীদের নেমে হেঁটে পার হতে হয়।
স্থানীয়রা জানান, এটি সখীপুর উপজেলা সদর থেকে ভালুকার শিল্পাঞ্চল সিডস্টোরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে এলজিইডির সখীপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, আমরা রাস্তাটির সমস্যার বিষয়ে অবগত আছি। দ্রুত আগামী ২- ৩ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।