মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যা সমাধান ও আবেদন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় বক্তব্যকালে পুলিশ কমিশনার বলেন, জিএমপিতে কর্মরত সকল সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আন্তরিক। একইসঙ্গে তিনি জনগণের প্রত্যাশিত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদক, ছিনতাই, চাঁদাবাজি, হানি ট্র্যাপ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
এছাড়াও অনুদঘাটিত মামলাগুলো দ্রুত উদঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভা শেষে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।