বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার। পলাতক ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বিগত প্রায় চার মাসে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দেখে ফ্যাসিস্টদের মনে ও গায়ে জ্বালা ধরে গেছে। তারা এখনো ষড়যন্ত্র ও কুৎসা রটানোর চেষ্টা করছে।
গত ১৫ বছর ধরে তারা শুধু চুরি, লুটপাটই করেনি, বিদেশে হাজার কোটি টাকা পাচার করে করেছে। চোরের মায়ের আবার বড় গলা!’
সাবেক ভিপি আব্দুল মান্নানের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘উপজেলা বিএনপিকে তিনি টিকিয়ে রেখেছিলেন বহুবার কারাবরণ, মিথ্যা মামলা ও হামলা মাথায় নিয়ে।’
বাঞ্ছারামপুরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর ঢোলভাঙ্গা নদীর সংস্কার হবে। ইতোমধ্যে এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা ভবন ১৫ তলা ও ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন।’
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা,জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, বিএনপি যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, বিএনপি নেতা জালাল
উদ্দিন বাদল, শিশু মিয়া, আব্দুল আইয়ুম, ইমান আলী, সালাউদ্দিন আহমেদ বাসু সহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।