মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার মনপুরা উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এই মহাপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার (১৩ জুন, ২০২৬) মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু মুছা।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবু মুছা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই যুগান্তকারী কর্মসূচির সফল বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: কামাল উদ্দিন এবং সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লাসহ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া ভোলা জেলা বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় উপকূলীয় অঞ্চল মনপুরার বেড়িবাঁধ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক পরিসরে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এই সবুজ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মনপুরার প্রকৃতি আরও সমৃদ্ধ হবে এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।