জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা জোরালো হওয়ার প্রেক্ষাপটে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নূর এক বিবৃতিতে বলেন, গলাচিপা ও দশমিনা উপজেলার একটি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ এবং ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত নুরুল হক নুর কিংবা গণঅধিকার পরিষদ কোনো ব্যক্তি বা প্রার্থীকে সমর্থন দেয়নি।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদেরকে নুরুল হক নুরের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে অথবা তাঁর সমর্থন পেয়েছেন বলে দাবি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের প্রচারণার কোনো সত্যতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
আমিনুল ইসলাম নূর বলেন, জনগণের ভোট ও সমর্থন অর্জনের জন্য রাজনৈতিক পরিচয় বা ব্যক্তির নাম ব্যবহার না করে সরাসরি মানুষের কাছে যাওয়াই একজন প্রার্থীর উচিত। তিনি গলাচিপা ও দশমিনা উপজেলার ভোটার ও সাধারণ নাগরিকদের এসব অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের কর্মকাণ্ড ও যোগ্যতার ভিত্তিতে জনসমর্থন অর্জনের পরামর্শ দেন।