চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার (২ জুন) সকাল পর্যন্ত নগরীর ১৬টি থানায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। তবে অধিকাংশই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মী মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ছবি পরে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, “সোমবারের মিছিলের ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”