সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর অনার্স প্রথম বর্ষে ভর্তি অনিশ্চয়তার মুখে পড়লে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। অর্থসংকটে থাকা ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করেন তিনি।
রাজিব হোসাইন সাহিদ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সহায়তা পাওয়া শিক্ষার্থী এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। আগামী ১৭ মে ছিল তার ভর্তির শেষ সময়সীমা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি, সেশন ফি ও অন্যান্য ভর্তি সংক্রান্ত খরচ বহন করতে না পারায় দরিদ্র পরিবারের এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়।
পরে কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন রাজিব হোসাইন সাহিদ। বৃহস্পতিবার (১৪ মে) তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে তার ভর্তির ব্যবস্থা করে দেন।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী বলেন, “অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে।”
এ বিষয়ে রাজিব হোসাইন সাহিদ বলেন, “রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ছাত্রদলের সহায়তার হাত সবসময় প্রসারিত থাকবে। আমার লক্ষ্য ছাত্রবান্ধব রাজনীতি করা, তাই ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি।”